পাত্রের মুখে মোড়ানো অ্যালুমিনিয়াম ফয়েল খুলে একপাশে রেখে আবার ব্যবহার করার অভ্যাস অনেকেরই রয়েছে। অনেকেই ভাবেন, একটি ভালো অবস্থায় থাকা ফয়েল ফেলবার মানে অপচয়। তাই সেটিকে আবার ব্যবহার করাই ভালো।
তবে প্রশ্ন হল, এই অভ্যাস কি স্বাস্থ্যঝুঁকি তৈরি করে? বিশেষ করে সেই ফয়েল যদি আগেও রান্না বা গরম করার কাজে ব্যবহৃত হয়ে থাকে?
এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ সু এ. জেমস রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অ্যালুমিনিয়াম ফয়েল পুনরায় ব্যবহার করা যেতে পারে। যদি এটি ভালো অবস্থায় থাকে এবং খাদ্যদ্রব্যের দাগ বা আবর্জনা না লেগে থাকে, তাহলে তা পুনরায় ব্যবহার করলে কোনো স্বাস্থ্যঝুঁকি থাকে না।”
কখন পুনরায় ব্যবহার করা নিরাপদ?
সু এ. জেমস বলেন, “যদি ফয়েলে কোনও খাদ্য অবশিষ্ট না থাকে, তাহলে তা আবার ব্যবহার করতে পারেন।”
অনেক সময় দেখা যায়, ফয়েলের কিছু অংশে রং পরিবর্তন হয়েছে বা একটু কালচে দাগ পড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি সাধারণ রিঅ্যাকশন এবং তা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নয়।
তিনি আরও বলেন, “শুধু ফয়েল নয়, অ্যালুমিনিয়াম পাত্রও একাধিকবার ব্যবহারযোগ্য। তবে কিছু সতর্কতা নিতে হবে যেন খাবারে অতিরিক্ত অ্যালুমিনিয়াম মিশে না যায়।”
এক্ষেত্রে একটি উপায় হল খাবার ও অ্যালুমিনিয়ামের মাঝে পার্চমেন্ট কাগজ বা বেইকিং কাগজ দিয়ে একটি স্তর তৈরি করা। এতে সরাসরি সংস্পর্শ এড়ানো যায়।
আর এই পাত্রগুলো বারবার ব্যবহার করা যায় খাবার সংরক্ষণ, হালকা তাপমাত্রায় রান্না বা গরম করার কাজে। এমনকি গৃহস্থালির আরও অনেক কাজেও এদের ব্যবহার সম্ভব।
কীভাবে পরিষ্কার করবেন?
সু এ. জেমস বলেন, “ব্যবহৃত ফয়েল পরিষ্কার করতে হলে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যদি বেশি ময়লা না থাকে, তাহলে ধোয়ারও প্রয়োজন নেই। সরাসরি আবারও ব্যবহার করা যাবে।”
অ্যালুমিনিয়াম পাত্রও একইভাবে হালকা স্পঞ্জ ও তরল সাবান দিয়ে পরিষ্কার করা যেতে পারে।
তবে মনে রাখতে হবে, যদি ফয়েলটি অতিরিক্ত ভাঁজ করা, ছেঁড়া বা ময়লা জমে গিয়েছে এমন অবস্থায় থাকে, তবে সেটা আর ব্যবহার উপযোগী নয়।
কীভাবে পুনরায় ব্যবহার করবেন?
পরিষ্কার ও ভালো অবস্থায় থাকা অ্যালুমিনিয়াম ফয়েল নানান কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে- রান্না করা, খাবারের মুখ ঢেকে রাখতে, চুলায় বা ওভেনে খাবার গরম করতে। আবার টোস্টার ট্রের নিচে বিছিয়ে ব্যবহার করা যায়।
এছাড়া ভাঁজ করে স্টিম ট্রে তৈরি করা যায়। এমন কি লাঞ্চবক্স বা পিকনিকের খাবার উষ্ণ রাখতে মোড়ানো এবং কাস্ট আয়রন বা কাচের পাত্র থেকে খাবারের লেগে থাকা অংশ ঘষে পরিষ্কার করা যায়।
এইসব কাজে ফয়েল পুনরায় ব্যবহার করে পরিবেশবান্ধব হওয়া যায় সহজেই।
যখন ফেলে দিতে হবে
যে কোনো জিনিসেরই একটি মেয়াদ থাকে।
সু এ. জেমস বলেন, “যদি অ্যালুমিনিয়াম ফয়েল ছেঁড়া, অত্যধিক ভাঁজ করা বা তেল-মসলায় এমনভাবে নোংরা হয়ে যায় যে তা পরিষ্কার করাও সম্ভব না— তাহলে সেটা ফেলে দিতে হবে।”
একইভাবে অ্যালুমিনিয়াম পাত্র যদি তার আকৃতি ধরে না রাখতে পারে বা ওভেনে ব্যবহারের ফলে গায়ে দাগ পড়ে যায়, তাহলে সেটিও আর ব্যবহার করা উচিত নয়।
পুনর্ব্যবহারযোগ্য হলেও সব জায়গায় রিসাইকেল হয় না
সব এলাকায় অ্যালুমিনিয়াম ফয়েল ‘রিসাইকেল’ বা পুনর্ব্যবহারযোগ্য হলেও, এগুলো গৃহস্থালি আবর্জনায় পড়ে নষ্ট হয়ে যায়।
বিশেষজ্ঞরা বলেন, যদি ফয়েলটি ময়লা মুক্ত থাকে, তাহলে সেটিকে বল আকারে গুটিয়ে রিসাইকেল বিনে বা ময়লার পাত্রে ফেললে রিসাইকেল করার সম্ভাবনা বাড়ে।



































