টিভি পর্দা ঝকঝকে রাখার সহজ উপায়

কর্মব্যস্ত দিন শেষে টিভি চালিয়ে প্রিয় অনুষ্ঠান বা সিনেমা দেখা যেমন আনন্দের তেমনি অবসর সময় কাটানোর একটা মাধ্যমও এই যন্ত্র।

তবে ধুলাবালি আর আঙুলের ছাপ জমে ধীরে ধীরে স্ক্রিন বা টেলিভিশনের পর্দার স্বচ্ছতা নষ্ট হয়ে যায়।

অথচ মাত্র ১০ মিনিট সময় দিলেই টিভির পর্দা ঝকঝকে পরিষ্কার করে তোলা যায়, তাও কোনো দাগছোপ ছাড়াই।

যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্নতা প্রতিষ্ঠান ‘দ্য ক্লিনিং অথরিটি’-এর প্রধান পরিচালন কর্মকর্তা লিয়ান স্ট্যাপফ এবং পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠান ‘টু মেইডস’-এর বিশেষজ্ঞ ক্যাথি কোহুন পরামর্শ দিয়েছে কীভাবে টেলিভিশনের পর্দা সঠিকভাবে পরিষ্কার করতে হয়।

পরিষ্কার করার আগে যা মাথায় রাখা জরুরি

পরিষ্কারের কাজ শুরু করার আগে টিভির ব্যবহারবিধি দেখে নেওয়া জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানের টিভির জন্য আলাদা কিছু নির্দেশনা থাকতে পারে।

বিশেষ করে যদি টিভির ওয়ারেন্টি এখনও সক্রিয় থাকে, তাহলে ভুলভাবে পরিষ্কার করলে ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে।

লিয়ান স্ট্যাপফ রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেন, “অনেকেই ভুল করে কিনে আনা সাধারণ গ্লাস ক্লিনার বা জীবাণুনাশক ওয়াইপস ব্যবহার করেন, যা টিভির স্ক্রিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এসব পণ্যে থাকে অ্যালকোহল বা অ্যামোনিয়া, যা স্ক্রিনের প্যানেল নষ্ট করে দিতে পারে।”

টিভি কত ঘন ঘন পরিষ্কার করা উচিত?

ক্যাথি কোহুন একই প্রতিবেদনে পরামর্শ দেন, “সপ্তাহে একবার স্ক্রিন পরিষ্কার করলে ধুলা ও দাগ জমে থাকতে পারবে না।”

তিনি আরও বলেন, “টিভি স্ক্রিন পরিষ্কার রাখা মানেই শুধু দেখতে ভালো লাগা নয়, এতে স্ক্রিনের আয়ু বেড়ে যায় এবং ছবির মানও উন্নত হয়।”

আরও ভালো হয় যদি আঙ্গুলের ছাপ বা দাগ পড়ামাত্র সেটি মুছে ফেলা যায়। এতে দীর্ঘমেয়াদে পর্দা নষ্ট হওয়ার আশঙ্কা কমে।

ফ্ল্যাট স্ক্রিন (এলসিডি, ওএলডি, কিউএলডি, এলইডি) পরিষ্কার করার পদ্ধতি

যা যা লাগবে:

মাইক্রোফাইবার কাপড়

স্ক্রিন-উপযোগী ক্লিনার (যদি না থাকে তবে সামান্য পরিমাণ বিশুদ্ধ পানি ব্যবহার করা যাবে)

ধাপ ১: টিভি বন্ধ করা

প্রথমেই টিভি বন্ধ করতে হবে।

ক্যাথি কোহুন বলেন, “চাইলে টিভির প্লাগও খুলে রাখতে পারেন, যদিও আধুনিক টিভির ক্ষেত্রে শুধু বন্ধ করাই যথেষ্ট। টিভি বন্ধ করলে স্ক্রিনে থাকা দাগ সহজে চোখে পড়ে।”

ধাপ ২: স্ক্রিনের ধুলা ঝাড়া

শুকনা কাপড়ে ধুলা না ঝেড়ে সরাসরি ভেজা কাপড় ব্যবহার করলে স্ক্রিনে আঁচড় পড়তে পারে। এ জন্য প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে হালকা হাতে ধুলা মুছতে হবে।

প্রয়োজনে কাপড়টি উল্টে বা দ্বিতীয় কাপড় ব্যবহার করা যেতে পারে।

ধাপ ৩: স্ক্রিন-সেফ ক্লিনার ব্যবহার

যে ক্লিনার ব্যবহার করা হচ্ছে, সেটি যেন টিভির স্ক্রিনের জন্য নিরাপদ হয় তা আগে যাচাই করতে হবে। মনে রাো জরুরি, ক্লিনার সরাসরি স্ক্রিনে স্প্রে করা যাবে না। এর বদলে কাপড়ে স্প্রে করে তারপর স্ক্রিনে ব্যবহার করতে হবে।

হালকা চাপ দিয়ে একদিকে হাত চালিয়ে পুরো স্ক্রিন মুছতে হবে। স্ক্রিনের ওপরের অংশ এবং বেসটিও পরিষ্কার করে নেওয়া জরুরি।

ধাপ ৪: দাগ বা আঙুলের ছাপ মোছা

পর্দা মুছে ফেলার পরও কিছু আঁঠালো দাগ বা ফিঙ্গারপ্রিন্ট থেকে গেলে সেটি পরিষ্কার করতে আলাদা মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে মাইক্রোফাইবার কাপড়ে গোলভাবে ঘষে দাগ তুলতে হবে।

স্ট্যাপফ বলেন, “কোনো দাগ উঠতে না চাইলে হালকা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে অতিরিক্ত চাপ না দিয়ে আলতোভাবে ঘষে তুলুন।”

ধাপ ৫: শুকাতে দিন

পরিষ্কার করার পর টিভি চালু করার আগে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। ভেজা স্ক্রিনে টিভি চালালে শক লাগার ঝুঁকি থাকে অথবা স্ক্রিন নষ্ট হয়ে যেতে পারে।

পুরানো ধরনের সিআরটি স্ক্রিন পরিষ্কার করার পদ্ধতি

সিআরটি মানে ‘ক্যাথোড রে টিউব’ টিভি, যেগুলো অনেক আগেই বাজারে বন্ধ হয়ে গেলেও কিছু বাড়িতে এখনও ব্যবহৃত হয়।

যা যা লাগবে:

রাবিং অ্যালকোহল

উষ্ণ বিশুদ্ধ পানি

মাইক্রোফাইবার কাপড়

ক্যাথি কোহুন বলেন, “সিআরটি স্ক্রিন তুলনামূলকভাবে শক্তপোক্ত হওয়াতে সমান অনুপাতে রাবিং অ্যালকোহল ও কুসুম গরম পানি মিশিয়ে স্ক্রিন পরিষ্কার করতে পারেন। অবশ্যই টিভি আনপ্লাগ করে নেবেন।”

এই মিশ্রণে ভেজানো কাপড় দিয়ে স্ক্রিন ও পুরো টিভি মুছে ফেলতে হবে। তারপর স্ক্রিন শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

টিভি রিমোট কন্ট্রোল পরিষ্কার করার পদ্ধতি

অনেকেই রিমোট পরিষ্কারের কথা ভাবেন না। তবে এটি প্রতিদিনের ব্যবহারে ধুলা, জীবাণু ও তেলতেলে দাগে ভরে যায়।

যা যা লাগবে:

জীবাণুনাশক ওয়াইপস

স্ট্যাপফ বলেন, “প্রথমে রিমোটের ব্যাটারি খুলে ফেলুন। তারপর একটি হালকা ভেজা জীবাণুনাশক ওয়াইপ দিয়ে পুরো রিমোট ও বোতামগুলোর চারপাশ ভালোভাবে মুছে নিন।”

পানি বেশি থাকলে সেটি ভেতরে ঢুকে রিমোট নষ্ট করতে পারে, তাই ওয়াইপ যেন অতিরিক্ত ভেজা না হয়।

পরিষ্কারের পর রিমোট সম্পূর্ণ শুকাতে দিন, তারপর ব্যাটারি লাগিয়ে ব্যবহার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

পুরানো সংবাদ
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১