যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশে পাওয়া গেল হারিয়ে যাওয়া বহু বছরের পুরোনো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ থেকে সেগুলো উদ্ধার করে এনেছেন।
উদ্ধার করা গুপ্তধনের বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা)। এই গুপ্তধনের মধ্যে আছে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা।
ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ কলোনিগুলোয়। কলোনিগুলো থেকে ১৭১৫ সালে গয়না বহনকারী জাহাজের একটি বহরে অনেক গুপ্তধন স্পেনে পাঠানো হচ্ছিল। কিন্তু তা গন্তব্যে কোনো দিনই পৌঁছাতে পারেনি। সম্ভবত বহরটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেই সঙ্গে সমুদ্রের তলদেশে ছড়িয়ে–ছিটিয়ে হারিয়ে যায় জাহাজে থাকা বহু মূল্যবান সম্পদ, গয়না ও ধাতব মুদ্রা।
































