সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে অবশেষে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে প্রার্থী করছে বিএনপি। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত তথ্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছেন আরিফুল হক নিজেই।
সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আরিফুল হক। গতকাল বুধবার রাতে আরিফুল হক বলেন, দলের উচ্চপর্যায় থেকে তাঁকে সিলেট-১-এর পরিবর্তে বেশ কয়েকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার জন্য বললেও তিনি রাজি হননি। গতকাল রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে সিলেট-৪ আসনে প্রার্থী হতে নির্দেশনা দেন। এ নির্দেশ অমান্য করার সুযোগ নেই।
বিএনপি গত সোমবার জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে সিলেট-১ আসনে প্রার্থী করা হয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দিতাকারী খন্দকার আবদুল মুক্তাদিরকে। আর যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, এগুলো হচ্ছে সিলেট-৪ ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ)।
সাবেক মেয়র আরিফুলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিলেট-১ আসনে মনোনয়ন না পেয়ে আরিফুল আশাহত হন। এ অবস্থায় গত মঙ্গলবার দলের উচ্চপর্যায় থেকে তাঁকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরে গতকাল রাত নয়টার দিকে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে দেখা করার ডাক পান।
চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আরিফুল হকের মুঠোফোনে আলাপ হয়। এ সময় চেয়ারপারসন আরিফুলকে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন। বিষয়টি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে দল জানাবে।

































