আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানি এখন অন্যতম শীর্ষ গন্তব্য। উচ্চমানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগের কারণে দেশটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আরও ভালো দিক হলো, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজও করতে পারেন।
তবে সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে হলে জার্মানির আইন, নিয়মকানুন ও সীমাবদ্ধতা সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো—
কাজের সময়সীমা
জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সেমিস্টার চলাকালে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা, সেমিস্টার বিরতিতে পূর্ণকালীন কাজ করতে পারেন।
এটি বছরে মোট ১৪০ পূর্ণদিন বা ২৮০ অর্ধদিন কাজের সমান। এই সীমা অতিক্রম করলে ভিসা স্ট্যাটাস বিপদের মুখে পড়তে পারে।
তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যদি কাজটি বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক ইন্টার্নশিপের অংশ হয়, তবে এটি এই সীমার মধ্যে গণনা হবে না। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে কিছু ক্ষেত্রে এই সীমার বাইরে কাজের অনুমতি পাওয়া যায়।
































