বহু বাঁকবদলের জমজমাট সিরিজ হিসেবেই হয়তো এটিকে মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রত্যেক ম্যাচেরই ফল যে নির্ধারণ হচ্ছে শেষ ওভারে! যেখানে জয়-পরাজয়ের ব্যবধানও সামান্য।
অকল্যান্ডে প্রথম দুই টি-টোয়েন্টির পর সিরিজ ছিল ১-১ সমতায়। বুধবার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৭ রানে, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়ে জেতে ৩ রানে।
নেলসনে আজ তৃতীয় টি-টোয়েন্টিতেও দুই দলের লড়াই জমে উঠেছিল। টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লোয়ার অর্ডারে রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গারের রেকর্ড জুটি তো ওয়েস্ট ইন্ডিজকে প্রায় জিতিয়েই দিচ্ছিল।

কিন্তু স্নায়ুচাপ ধরে রেখে, শেফার্ড-স্প্রিঙ্গারের চোখ রাঙানি থামিয়ে শেষ পর্যন্ত ৯ রানে জয় পেল নিউজিল্যান্ড।
স্যাক্সটন ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান করেছিল নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ড্যারিল টাফির গতি আর ইশ সোধির ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ ১ বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয়। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।



































