স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, নিলামের প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। এই ক্যাটাগরিতে প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ হাজার ডলার করে। নিলামে স্থানীয় ক্রিকেটারদের ক্যাটাগরি থাকবে ৬টি ও বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ৫টি।
২০২৬ বিপিএলে খেলোয়াড় বেচাকেনায় আবারও ফিরছে নিলামপদ্ধতি। বিভিন্ন শ্রেণিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্যসহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে, যেটি এসেছে প্রথম আলোর হাতেও। ফ্র্যাঞ্চাইজিগুলোর পর্যবেক্ষণ ও অনুমোদনের পর নিলামের নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তার আগে ফ্র্যাঞ্চাইজিদের কোনো মতামত থাকলে তা আগামী ২১ নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে।
নিলামের আগে সরাসরি সাইনিংয়ের সুযোগ
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। এসব সাইনিং অবশ্যই বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদনসাপেক্ষ হবে।
নিলাম থেকে ১৩ জন স্থানীয় খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক
বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলাম থেকে অন্তত ১৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। স্থানীয় খেলোয়াড়ের জন্য একটি দলের সর্বোচ্চ বাজেট ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে সরাসরি সাইনিং করা দুজন ক্রিকেটারের পারিশ্রমিক এর বাইরে থাকবে।



































