২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কি না, সেটা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত নয়। কিন্তু বাতাসের গতিপ্রকৃতি বলছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তাঁরা এখনো খেলে ফেলেননি। ৩৮ বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন, ‘আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চাই।’ ৪০ বছর বয়সী রোনালদোও এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন।
প্রশ্ন হচ্ছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?
ওয়েসলি স্নেইডারকে ঠিক এ প্রশ্নই করা হয়েছিল। নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এ মিডফিল্ডারকে নিশ্চয়ই চিনতে পেরেছেন? স্নেইডার অনেকের বিচারেই তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো ক্লাবে খেলেছেন। তুরস্ক, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে জিতেছেন শীর্ষ লিগ। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ‘ডেড বল’ বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে স্মরণ করেন অনেকেই। সেই স্নেইডার ২০২৬ বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে।

কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। বক্তব্যের পুরোটা শুনুন তাঁর মুখেই, ‘এটা বলা খুব কঠিন। পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার কাছে তারা অন্যতম ফেবারিট। সে কারণে আমি বলব লিওনেল মেসির তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।’
কাতারে ২০২২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসিদের সেবারের বিশ্বকাপ জয়ে খানিকটা ভাগ্যের পরশও দেখেন ২০০৪ সালে ‘ডাচ ফুটবলার অব দ্য ইয়ার’ ও ২০১০ বিশ্বকাপে রুপার বলজয়ী স্নেইডার, ‘কাতারে দারুণ বিশ্বকাপ কাটিয়েছে আর্জেন্টিনা। তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার মতে পর্তুগাল শ্রেয়োতর দল।’



































