ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা যেন বিশ্ব ফুটবলের একটি যুগকে সংজ্ঞায়িত করে। তাদের লড়াই শুধু ব্যক্তিগত ও দলীয় ট্রফি জয়ে সীমাবদ্ধ নয়, বরং সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও একে অপরের সঙ্গে লড়ছেন দুজন। রোনালদোর বয়স এখন ৪০ ও মেসির ৩৮।
কিন্তু তাঁদের পারফরম্যান্সের মান ও পরিসংখ্যান বলছে, এখনো নিজেদের সেরা সময় পেছনে ফেলে আসেননি তাঁরা। এমনকি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার পদের জন্যও লড়ছেন এ দুজন। যেখানে শীর্ষে থাকা রোনালদোর গোল ১২৯৬ ম্যাচে ৯৫৩ এবং দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল ১১৩৩ ম্যাচে ৮৯৪টি। রোনালদোর চোখ যেখানে হাজারতম গোলে, সেখানে মেসি ছুটছেন রোনালদোকে ছোঁয়ার চ্যালেঞ্জ নিয়ে।
দুজনের গোলের এই পরিসংখ্যানকে আরেকটু খতিয়ে দেখলে বেশ কিছু আকর্ষণীয় বিষয় চোখে পড়ে। রোনালদো মোট গোলের দিক থেকে এগিয়ে থাকলেও ম্যাচপ্রতি গোলের হিসাবে এগিয়ে আছেন মেসিই। রোনালদোর ম্যাচ প্রতি গোল ০.৭৫ টি, মেসির ০.৭৯।



































