‘টেস্ট অব চেরি’ সিনেমায় বাদি চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা হোমায়ুন এরশাদি মারা গেছেন। গতকাল সোমবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএন। ৭৮ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
অভিনয়ে নাম লেখানোর আগে তিনি পেশায় স্থপতি ছিলেন। ১৯৯৭ সালে ইরানি নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘টেস্ট অব চেরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে এরশাদির। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন তিনি।
কাকতালীয়ভাবে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান এরশাদি। যানজটের মধ্যে তেহরানের রাস্তায় গাড়িতে বসেছিলেন তিনি। তাঁকে দেখে এগিয়ে আসেন আব্বাস কিয়ারোস্তামি। বলেন, ‘আমি একটা সিনেমা বানাতে চাই, আপনি অভিনয় করবেন?’
সিনেমাটি এরশাদিকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সিনেমায় দেখা গেছে, বাদি চরিত্রটি আত্মহত্যা করার পরিকল্পনা করেছেন। তাঁর ইচ্ছা, তাঁকে যেন একটি চেরিগাছের নিচে সমাহিত করা হয়। তাঁকে সমাহিত করবেন—এমন মানুষকে খুঁজতে থাকেন তিনি।



































