রাঙামাটির রাজস্থলীর পাহাড়ি গ্রামের ছোট মেয়েটি আজ দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাম তাঁর খই খই সাই মারমা। বয়স মাত্র ১৮ বছর। ১৮ বছর বয়সী খই খইয়ের হাতেই বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে রচিত হয়ে গেল এক নতুন অধ্যায়।
সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রুপা জিতে গতকাল দেশে ফিরেছেন খই খই। এই অর্জন বাংলাদেশের টেবিল টেনিস তথা ক্রীড়াঙ্গনেই অনেকটা অপ্রত্যাশিত। কারণ, এই পর্যায়ে বাংলাদেশ অংশ নেয় মূলত যতটা সম্ভব ভালো খেলার প্রত্যাশা নিয়ে।
দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক। গত ইসলামিক সলিডারিটি গেমসে নারী এককে সাদিয়া রহমান মৌ খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে।
সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাবেদ অনেক দিনের পরিচিত মুখ হলেও খই খইয়ের টেবিল টেনিসে উঠে আসার গল্পটা খুব বেশি দিনের নয়। এখনো তিনি জাতীয় চ্যাম্পিয়ন হননি। তবে গত জাতীয় চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন, সিনিয়রে খেলেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।
কদিন আগে উডেন ফ্লোর জিমনেশিয়ামে ফেডারেশন কাপে জিতেছেন শিরোপা। যা তাঁর দ্রুত উন্নতির স্পষ্ট বার্তা। বাংলাদেশে মেয়েদের র্যাঙ্কিংয়ে খই খই এখন দ্বিতীয়, শীর্ষে সাদিয়া রহমান।
গত বছর জানুয়ারিতে টিটি ফেডারেশন আয়োজিত প্রাইজমানি র্যাঙ্কিং প্রতিযোগিতায় দ্বিমুকুট জেতেন খই খই। বালিকা অনূর্ধ্ব-১৯ একক ও মেয়েদের সিনিয়র এককে জেতেন শিরোপা। একই বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবার জুনিয়রে সেরা হন।

কৃষক পরিবার থেকে উঠে আসা খই খইয়ের চলার পথটা অবশ্য মোটেই সহজ ছিল না। বাবা ক্যহ্লাখই মারমা কৃষক, মা মোহ্লাচিং মারমাও কৃষিকাজ করেন। একমাত্র বড় বোন খেলাধুলায় নেই, এলাকায় সাধারণ জীবন যাপন করেন। খই খই অনেক কষ্ট পেরিয়ে এসে এখন বিকেএসপির উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
খই খইয়ের যাত্রা শুরু বান্দরবানের লামায় কোয়ান্টাম স্কুলে। যে স্কুল থেকে উঠে এসেছেন জাতীয় চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বমও। অবৈতনিক হওয়ায় বাড়ি থেকে অনেক দূরে হলেও পরিবার তাঁকে ওখানে পাঠায়। সেখানেই কোচদের বাছাইয়ে টেবিল টেনিসে তাঁর হাতেখড়ি।



































