ঘাড়ে টান লাগায় ভারত অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রোববার সকালেও তিনি হাসপাতালে আছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলকাতায় চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে তিনি আর মাঠে ফিরছেন না।
বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘(গতকাল) দিনের খেলা শেষে গিলকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন সেখানে পর্যবেক্ষণে আছেন। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তাঁকে পর্যবেক্ষণে রাখবে।’
শনিবার রাতেই গিলের মাঠে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে ওঠে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়। তখন তাঁর গলায় নেক ব্রেস ছিল এবং দলের চিকিৎসক সঙ্গে ছিলেন।

গতকাল ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা পান গিল। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পরই অস্বস্তি অনুভব করে ঘাড়ের পেছনে হাত রাখেন, এরপর ফিজিওকে ডাকেন। পরে দ্রুত মাঠ ছেড়ে যান। গিল এরপর আর ব্যাট করতে নামেননি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।



































