লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেটস, কার্লোস পুয়োল, পেপ গার্দিওলা… নামের তালিকাটা অনেক লম্বা। আপনি চাইলে আরও কিছু নাম যোগ করতে পারেন—ভিক্টর ভালদেস, সেস্ক ফ্যাব্রেগাস, জর্দি আলবা, থিয়াগো আলকানতারা, গাভি, আনসু ফাতি, লামিনে ইয়ামাল।
তাঁরা সবাই একসময় বার্সেলোনার জার্সি পরেছেন। তবে এর বাইরে তাঁদের আরেকটি বড় মিল আছে। তাঁরা সবাই উঠে এসেছেন বার্সেলোনার বিশ্বখ্যাত ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’ থেকে! এই একাডেমি যেন প্রতিভাবান ফুটবলার বানানোর এক অফুরন্ত কারখানা, যেখানে একের পর এক নতুন প্রজন্ম বেরিয়ে আসছে। ১২ বছর বয়সী ডেসটিনি কোসিসো এজিফোর লা মাসিয়ার তেমনই এক ঝলমলে প্রতিভা।
নামটা বেশ লম্বা লাগলে তাকে ডেসটিনি কোসিসো বলেও ডাকা যায়। এই মুহূর্তে সে বার্সার বয়সভিত্তিক দলে খেলছে। ভবিষ্যতে সে কত দূর যাবে, তা কেবল সময়ই বলতে পারে। তবে এখনই তার নাম জড়িয়েছে কিলিয়ান এমবাপ্পে ও লা মাসিয়ার আরেক বিস্ময় লামিনে ইয়ামালের সঙ্গে! অসম বয়সী এই তিনজনের মধ্যে তুলনা উঠছে কেবল একটি কারণে—গোল করার অবিশ্বাস্য ক্ষমতা।



































