সাংবাদিক এনাম: বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ মে) মধ্যরাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত রিতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়।
একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, রিতা রানীর গলাকাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, “ঘটনাস্থল থেকে রিতা রানীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা অবস্থায় নিহত তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিলেন। ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

































