শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন।
মালয়েশিয়া সফরকালে ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।
সফরকালে সম্ভাব্য চুক্তি ও সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, সংস্কৃতি খাতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরুর লক্ষ্যে টার্মস অব রেফারেন্স (টিওআর) বিনিময়সহ কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা চলছে।
আপডেট টাইম : শনিবার, জুন ২০, ২০২৬, ৩৮ বার পঠিত































